তারকাদের দেখা পেতে অদ্ভুত কাণ্ড ঘটিয়ে নানা সময়ে সংবাদের শিরোনাম হয়েছেন ভক্তরা। এবার এক বিস্ময়কর কাণ্ড ঘটিয়েছেন বলিউড তারকা অক্ষয় কুমারের এক ভক্ত। তার সঙ্গে দেখা করতে ৯০০ কিলোমিটার পথ হেঁটে পাড়ি দিয়েছেন পর্বত নামের এক ব্যক্তি।
১৮ দিন পায়ে হেঁটে এই বিশাল পথ পাড়ি দেয়ার কথা শুনে অক্ষয় নিজেও বাকরুদ্ধ হয়েছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। অন্যদিকে তার সঙ্গে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অক্ষয়ও।
তিনি লিখেছেন, আজ পর্বতের সঙ্গে দেখা হলো। ১৮ দিনে ৯০০ কিলোমিটার পথ হেঁটে এসেছেন তিনি। আমাদের তরুণ প্রজন্ম লক্ষ্যে পৌঁছানোর জন্য যদি এমন পরিকল্পনা ও একাগ্রতা দেখায়, তাহলে আমাদের কেউ আটকাতে পারবে না।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়, পর্বত গুজরাটের দ্বারকা থেকে ১৮ দিন ধরে প্রায় ৯০০ কিলোমিটার পথ হেঁটে এসেছেন শুধুমাত্র অক্ষয়কে দেখতে। কারণ একটাই অক্ষয়ের অন্ধভক্ত তিনি।














