মডেল এবং অভিনেত্রী মৌসুমী হামিদ। মিডিয়াতে পথ চলা শুরু ২০১০ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রোগ্রামের মাধ্যমে। এরপর নাটক ও চলচ্চিত্রে অভিনয় করে বেশ প্রশংসিত হয়েছেন এই অভিনেত্রী।
মৌসুমী হামিদ অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র হলো রাজু আলিম পরিচালিত ‘ভালোবাসার রাজকন্যা’। গেল ঈদে ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় এটি মুক্তি পায়। এদিকে মুক্তির অপেক্ষায় আছে আরিফুর জামান আরিফ পরিচালিত ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ শিরোনামের চলচ্চিত্র। ছবিটিতে কাজ করলেও কবে নাগাদ মুক্তি পাবে তা নিয়ে বেশ হতাশ মৌসুমী। তিনি বলেন, ‘এ ছবির কাজ অনেক দিন আগেই শেষ হয়েছে। কিন্তু অজ্ঞাত কারণে ছবির মুক্তি থেমে আছে। বিষয়টি নিয়ে আমি ভীষণ হতাশ। ছবিটি কবে মুক্তি পাবে, তা পরিচালকই ভালো বলতে পারবেন।’
এ অভিনেত্রী বর্তমানে টিভি নাটকে ব্যস্ত সময় পার করছেন। মাছরাঙা টেলিভিশনে প্রচার হচ্ছে তার অভিনীত ধারাবাহিক নাটক ‘বেমানান’ এবং বাংলাভিশনে ‘জায়গীর মাস্টার’। দুটি ধারাবাহিকেই মৌসুমী ভিন্ন চরিত্রে অভিনয় করছেন বলে জানান। ধারাবাহিকের বাইরে খণ্ড নাটক ও টেলিছবিতেও নিয়মিত অভিনয় করছেন তিনি।














