সম্মানী বৃদ্ধিসহ ১১ দফা দাবিতে ক্রিকেটারদের ধর্মঘটে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।
বুধবার এক বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান ক্রিকেটারদের যৌক্তিক সব দাবি বিবেচনা করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির প্রতি আহ্বান জানান তিনি।
বিবৃতিতে জিএম কাদের বলেন, ক্রিকেটাররা আমাদের ঐক্যের প্রতীক। তাদের সকল চাওয়া-পাওয়ার প্রতি সহানুভূতিশীল থাকতে হবে।
তিনি বলেন, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান বিকেএসপি প্রতিষ্ঠা করেছিলেন। বিকেএসপি থেকেই এখন তরুণ খেলোয়াড় পাচ্ছে জাতীয় ক্রিকেট দল।
পরস্পরের প্রতি শ্রদ্ধা ও সম্মান জ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও ক্রিকেট খেলোয়াড়রা বাংলাদেশের ক্রিকেটকে আরও এগিয়ে নেবে এমন আশাবাদ প্রকাশ করেন জিএম কাদের।














