যশোরের চৌগাছা উপজেলা ও পৌর বিএনপির আহব্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে জেলা বিএনপি এই কমিটি ঘোষণা দেয়। যশোর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু বিষয়টি নিশ্চিত করেছেন। উপজেলা বিএনপির ৩৫ সদস্যের আহ্বায়ক কমিটির আহ্বায়ক করা হয়েছে জহুরুল ইসলামকে। জহুরুল ইসলাম দীর্ঘ ৪০ বছর ধরে উপজেলা বিএনপির দায়িত্ব পালন করে আসছেন। এর আগে তিনি উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।
কমিটির চার যুগ্ম আহব্বায়ক করা হয়েছে সেক্রেটারী ইউনূচ আলী, সহ-সভাপতি এমএ সালাম, যুগ্ম সম্পাদক ও পাতিবিলা ইউপি চেয়ারম্যান আতাউর রহমান লাল এবং দপ্তর সম্পাদক ও হাকিমপুর ইউপি চেয়ারম্যান মাসুদুল হাসানকে। এছাড়া ইউনিয়ন কমিটির সভাপতি ও সম্পাদকরা পদাধিকার বলে কমিটির সদস্য মনোনীত হয়েছেন।
অন্যদিকে পৌর বিএনপির ২৫ সদস্যের আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক করা হয়েছে সেলিম রেজা আওলিয়ারকে। যুগ্ম আহ্বায়ক করা হয়েছে আব্দুল হালিম চঞ্চল, সহ-সভাপতি মোবারক হোসেন, সাংগঠনিক সম্পাদক সাহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক নাজমুজ্জামান খোকন, পৌর কাউন্সিলর আনিছুর রহমান ও উপজেলা যুবদলের সেক্রেটারী সোহরাব হোসেনকে।
এছাড়া ৯টি ওয়ার্ড কমিটির সভাপতি ও সম্পাদকদের পদাধিকার বলে কমিটির সদস্য করা হয়েছে। কমিটি ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন কমিটির আহ্বায়ক জহুরুল ইসলাম।














