সাভারে অভিযান চালিয়ে প্লাবন খান মজলিশ নামে ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছেন র্যাব-৪। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল ও পাঁচ শ পিস ইয়াবা জব্দ করা হয়।
বুধবার গভীর রাতে পৌর এলাকার দক্ষিণপাড়া নিজ বাড়ি সংলগ্ন ব্যক্তিগত অফিস থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার প্লাবন সরকারি সাভার বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। তার বিরুদ্ধে মাদক মামলা রয়েছে। সে মাদক কারবারি বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
র্যাব জানায়, বুধবার গভীর রাতে র্যাব-৪ এর এএসপি নরেশ চাকমা ও এসআই কাউসার মাতবরের নেতৃত্বে রাজধানীর মিরপুরের র্যাব-৪ একটি দল সাভার দক্ষিণপাড়া এলাকায় ওই ছাত্রলীগ নেতার ব্যক্তিগত অফিসে অভিযান চালায়। এ সময় তল্লাশি চালিয়ে একটি পিস্তল ও পাঁচ শ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।
মিরপুর র্যাব-৪ এর এডিশনাল ডিআইজি মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অস্ত্র ও মাদকসহ আটক ছাত্রলীগ নেতা দীর্ঘদিন ধরে মাদক কারবার চালিয়ে আসছিলেন। বিভিন্ন গ্রাহকের কাছে ইতোপূর্বে মাদক বিক্রির বিপুল তথ্য তার কাছ থেকে পাওয়া গেছে। ওই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে আগেও মাদকের একটি মামলা আছে বলেও জানান তিনি।














