চট্টগ্রামে পেটে স্ক্রু ড্রাইভার ঢুকিয়ে এক যুবককে হত্যার ঘটনায় অভিযুক্ত মো. সোহেলকে ঢাকার মালিবাগ থেকে সোমবার সকালে গ্রেপ্তার করা হয়েছে। সোহেল কুমিল্লার চান্দিনা উপজেলার বাসিন্দা। সে নগরের খুলশী থানার আমবাগান এলাকায় সিএনজি অটোরিকশার গ্যারেজে মেকানিক। রোববার রাতে আমবাগান এলাকায় নাহিদের পেটে স্ক্রু ড্রাইভার ঢুকিয়ে দিয়ে সোহেল খুন করে বলে নিশ্চিত হয়েছে পুলিশ।
খুলশী থানার ওসি প্রণব চৌধুরী জানান, ঘটনার পর ঢাকায় পালিয়ে যায় সোহেল। সোমবার মালিবাগের রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেল জানিয়েছে, নাহিদ ও সে বন্ধু ছিল। শনিবার ঝাউতলা এলাকায় নাহিদরা মারামারি করতে গিয়েছিল। সে না যাওয়ায় রোববার রাতে নাহিদ দু–তিনজকে নিয়ে এসে এর কারণ জানতে চায়। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে সোহেলকে মারধর করে নাহিদ। তখন সোহেলের হাতে থাকা স্ক্রু ড্রাইভার দিয়ে নাহিদের পেটে আঘাত করে।
ওসি আরও জানান, ঘটনাস্থলে থাকা সিসি ক্যামেরার ফুটেজে সোহেলকে মারধর করতে দেখা গেছে। তাকে চট্টগ্রামে এনে জিজ্ঞাসাবাদে বিস্তারিত জানা যাবে।














