ছোটখাটো গড়ন। বেশ চনমনে, প্রাণোচ্ছল। নাম ঋদ্ধি রুপারেল। রাজকোটের এ তরুণী মুশফিকুর রহিমের পাঁড় ভক্ত। সৌরাষ্ট্র অনূর্ধ্ব-২৩ দলের উইকেটকিপার-ব্যাটার। ক্রিকেটই বাংলাদেশের সাবেক অধিনায়কের সঙ্গে একটা বন্ধন তৈরি করে দিয়েছে তার। ঋদ্ধি অনুসরণ করেন মুশফিককে। ভারতের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ দল এখন রাজকোটে।
মঙ্গলবার (৫ নভেম্বর) রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ দলের অনুশীলনের সময় সেখানে হাজির হন স্থানীয় অনূর্ধ্ব-২৩ নারী দলের অধিনায়ক। প্রিয় ক্রিকেট তারকাকে কাছ থেকে দেখার জন্য এ সময় সাইডলাইনে হাজির হন ঋদ্ধি।
তিনি মাঠেই সাংবাদিকদের বলেন, দুই বছর ধরে আমি তাকে অনুসরণ করে আসছি। সর্বশেষ আমি যখন বাংলাদেশ সফরে গিয়েছিলাম তখন আমি তার এবং সাকিব আল হাসানের সঙ্গে দেখা করতে চেয়েছিলাম। কিন্তু তারা কোনো এক টুর্নামেন্ট খেলতে ব্যস্ত ছিলেন। যে কারণে দেখা করতে পারিনি। বাংলাদেশ লিগে আমি কলাবাগান ক্রীড়া চক্রের হয়ে খেলেছি।
ঋদ্ধি বলেন, আমি তার ভক্ত হবার কারণ হচ্ছে তিনিও আমার মত উইকেটরক্ষক এবং টপ অর্ডার ব্যাটসম্যান। গত ম্যাচে তিনি যেভাবে খেলেছেন, আমার মনে হয়েছে আমিও সেরকম খেলতে চাই। সাময়িকভাবে তিনি কিছুটা সময় নিয়েছিলেন। কিন্তু পরক্ষনেই তিনি ম্যাচের চেহারা পাল্টে দেন। এমনকি ক্যাচ পড়ে যাবার পরও তিনি ইতিবাচক ব্যাটিং করে গেছেন। আমিও এভাবে আমার দলকে জয়ী করতে চাই। তিনি আমার আদর্শ এবং আমি তার মতই খেলতে চাই।
রাজকোটের এ তরুণী বলেন, আন্তর্জাতিক ক্রিকেটে তিনি যেমন ছোটখাট মানুষ, আমিও ঘরোয়া ক্রিকেটের ছোটখাট আকারের। উচ্চতা কোন বিষয় নয়। একজন ছোটখাট মানুষও দলকে জয় এনে দিতে পারেন।
তিনি বলেন, আমি যেমন তার ভক্ত, তেমনি ভক্ত ভারতীয় ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনির। তবে তিনি সম্পূর্ণ ভিন্ন খেলা খেলেন। তাই আমি মুশফিককেই আদর্শ হিসেবে নিয়েছি। কারণ তিনিও আমার মত খেলেন।
শেষ পর্যন্ত বিসিসিআই কর্মকর্তাদের সহায়তায় মুশফিকের সঙ্গে দেখা করার সুযোগ পান ঋদ্ধি। নিজের এই তরুণ ভক্তকে তার সঙ্গে ছবি তোলার সুযোগ এবং তার প্রতি ‘শুভকামনা’ জানিয়েছেন বলে ড্রেসিংরুম ছাড়ার সময় বলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মুশফিক।














